
পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল শোভাযাত্রা। শুক্রবার বিকেলে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভল্যুশনের উদ্যোগে পুরাতন রেলওয়ে স্টেশন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালদিঘী মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় শতাধিক পীর-মাশায়েখ, আলেম-ওলামা, গবেষক ও শিক্ষাবিদসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবীর (সা.) আগমন মানবজাতির জন্য আল্লাহর সর্বোচ্চ রহমত। তিনি সত্য ও মানবতার আলো, জ্ঞান ও কল্যাণের উৎস। বক্তাদের মতে, নবীর দিকনির্দেশনা ছাড়া মানবজীবন ও সমাজের টেকসই উন্নতি সম্ভব নয়।
তারা আরও বলেন, মানবতার মুক্তি ও কল্যাণের জন্য নবীর শিক্ষা অনুযায়ী খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীকেন্দ্রিক হওয়ার আহ্বান জানান তারা।
শেষে দরুদ ও সালাম পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।



