পর্যটন সংবাদ ডেস্ক: পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববীতে কর্মরতদের জন্য বিশেষ পুরস্কার চালুর ঘোষণা দিয়েছে হারামাইন পরিচালনা পরিষদ। পরিষেবার মানোন্নয়ন, কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং ভ্রমণকারীদের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হারামাইন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস-সুদাইস জানান, নারী-পুরুষ নির্বিশেষে দেশি ও বিদেশি সব কর্মীরাই এই পুরস্কারের আওতায় আসবেন। তিনি বলেন, “যেকোনো পরিষেবার মান উন্নত করতে পুরস্কার কার্যকর ভূমিকা রাখে। এতে কর্মীরা আরও উৎসাহ নিয়ে হজ-উমরাহ যাত্রী ও দর্শনার্থীদের সেবা দিতে পারবেন।”
এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবনী ধারণা, দলগত কাজ এবং উন্নত পরিষেবা দেওয়ার মানদণ্ডকে গুরুত্ব দেওয়া হবে। কর্মীদের বাছাইয়ে ইউনিট প্রধানদের তথ্যের পাশাপাশি পুরস্কার কমিটি নিজস্ব সোর্স থেকেও যাচাই করবে। এমনকি প্রশাসনিক ইউনিটগুলোকেও প্রতিযোগিতামূলক পুরস্কারের আওতায় আনা হবে, যাতে দলভিত্তিক উদ্ভাবন উৎসাহিত হয়।
সভায় বিদেশি ও অভিজ্ঞ কর্মীদের দক্ষতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর পাশাপাশি অলাভজনক সংস্থাগুলোর অংশীদারিত্ব নিয়েও আলোচনা হয়েছে। শায়খ সুদাইস জোর দিয়ে বলেন, এসব প্রচেষ্টা কেবল পরিষেবার মান বাড়াবে না, বরং সৌদি আরবের ভিশন ২০৩০-এর মূল লক্ষ্যগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে।
এর ফলে লাখো হজ ও উমরাহযাত্রী এবং দর্শনার্থী আরও উন্নত, দ্রুত ও মানসম্মত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।



