আকাশে ঝুঁকিপূর্ণ ঝাঁকুনি, স্কাইওয়েস্ট বিমানে আতঙ্ক—আহত ২ যাত্রী

পর্যটন সংবাদ ডেস্ক: মার্কিন বিমান পরিষেবা সংস্থা স্কাইওয়েস্টের একটি যাত্রীবাহী উড়োজাহাজ আকাশে ভয়াবহ ঝাঁকুনির কবলে পড়ে মুহূর্তেই কয়েক হাজার ফুট নিচে নেমে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে এবং আহত হন দুইজন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কলোরাডোর অ্যাসপেন শহর থেকে টেক্সাসের হিউস্টনের উদ্দেশে ছেড়ে যায় বিমানটি। ৩৯ হাজার ফুট উচ্চতায় ওঠার পর হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয়। মাত্র ৪৪ সেকেন্ডে বিমানটি নেমে আসে প্রায় চার হাজার ফুট নিচে। এরপর আবারও ২৮ সেকেন্ডের মধ্যে উঠে যায় ৩৭ হাজার ফুটের ওপরে।

এই আকস্মিক ওঠা–নামায় দেড় মিনিট সময় জুড়ে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় অবতরণের পর স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরিস্থিতি সামাল দিতে হিউস্টনের বদলে অস্টিন বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

স্কাইওয়েস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বায়ুচাপের তারতম্যের কারণেই এ ঘটনা ঘটেছে।

এমন অস্বাভাবিক পরিস্থিতি যাত্রীদের মনে নতুন করে প্রশ্ন তুলছে আকাশপথের নিরাপত্তা নিয়ে।

সূত্র: সিএনএন

Read Previous

ভরা মৌসুমেও পদ্মা-মেঘনায় ইলিশের হাহাকার

Read Next

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ গণঅধিকার পরিষদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular