পর্যটন সংবাদ ডেস্ক: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দারও।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। তারা এটিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।
সফরকালে ইসহাক দার বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।



