পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকায় সকাল থেকে ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি নামতে পারে। এতে স্বস্তি মিললেও গরম আর আর্দ্রতার কারণে জনজীবনে ভোগান্তি বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা আজ নেমেছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
ভ্রমণ বা বাইরে বের হওয়ার পরিকল্পনা থাকলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



