২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার আকাশসীমায় ২৬৩টি উঁচু ভবন, উদ্বেগ বেবিচকের: তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জোর প্রস্তুতি

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশেপাশের ‘নো-ফ্লাই জোনে’ অনুমতি ছাড়া নির্মিত হয়েছে ২৬৩টি উঁচু ভবন—এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেবিচক কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত এক দশকে এইসব ভবন নির্মাণ হয়েছে কোনো ধরনের অনুমোদন ছাড়াই। “আমাদের ভবন ভাঙার এখতিয়ার নেই। এ বিষয়ে আমরা বারবার রাজউককে চিঠি দিয়েছি। এখন এসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের,”—বলেন বেবিচক চেয়ারম্যান।

তবে সাম্প্রতিক আলোচিত ‘মাইলস্টোন দুর্ঘটনা’ প্রসঙ্গে তিনি জানান, মাইলস্টোন এলাকার আশপাশে কোনো অবৈধ উঁচু ভবন নেই। সেখানে সর্বোচ্চ ১৫০ ফুট উচ্চতা পর্যন্ত অনুমোদন রয়েছে, এবং বিদ্যমান ভবনগুলো ১৩৫ ফুটের নিচে।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু সংক্রান্ত অগ্রগতি সম্পর্কেও সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, এখনো জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনার পর্যায়ে রয়েছে বেবিচক। তিনি বলেন, “থার্ড টার্মিনাল চালু করাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি নিজে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছি।”

দুর্নীতি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, “বেবিচকে যে দুর্নীতি হয় না, তা বলবো না। কিন্তু এই দুর্নীতি রোধে আমরা কঠোর অবস্থানে আছি। আমার সামনে দিয়ে কেউ দুর্নীতি করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

এদিকে দেশের অন্যতম পর্যটন এলাকা কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোগত কিছু কাজ বাকি থাকলেও, দ্রুত তা শেষ করে বিমানবন্দরটি চালু করা হবে।”

Read Previous

মূল্যস্ফীতির গতি আবার ঊর্ধ্বমুখী, জুলাইয়ে হার ৮.৫৫ শতাংশ

Read Next

কক্সবাজার সফর নিয়ে আলোচনা, এনসিপি নেতা হাসনাতের ব্যাখ্যা: ‘এটি ছিল এক ধরনের নীরব প্রতিবাদ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular