
পর্যটন সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া আসেনি বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, “বিচারের স্বার্থে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া আসেনি। আমরা অপেক্ষায় আছি। শেখ হাসিনার বিরুদ্ধে দেশে বিচার শুরু হয়েছে। কেউ আসুক বা না-আসুক, বিচার প্রক্রিয়া থেমে থাকে না।”
আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সরকার যদি প্রয়োজন মনে করে, তখন আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হতে পারে। তবে এখনই এমন প্রয়োজন দেখা যাচ্ছে না।”
ভারতের ‘পুশ ইন’ নিয়ে উদ্বেগ
সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে মো. তৌহিদ হোসেন ভারতের ‘পুশ ইন’ প্রথা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ভারতের এই কার্যক্রম স্বাভাবিক প্রথাগত ব্যবস্থার ব্যত্যয়। অবৈধভাবে ভারতে অবস্থান করা বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে তথ্য পাঠানোর নিয়ম রয়েছে। আমরা সেই অনুযায়ী যাচাই-বাছাই করে নাগরিকদের ফিরিয়ে নিচ্ছি। কিন্তু পুশ ইন করাটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।”
তিনি জানান, ভারতকে বারবার জানানো হয়েছে—যাদের তারা ফেরত পাঠাতে চায়, সেই নাগরিকদের তথ্য দিয়ে আমাদের সঙ্গে সমন্বয় করলে বাংলাদেশ তাদের নিতে প্রস্তুত। তবুও ভারত একতরফাভাবে ‘পুশ ইন’ অব্যাহত রেখেছে, যা নিয়ে বাংলাদেশ কূটনৈতিক পর্যায়ে নিয়মিত আপত্তি জানিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা এ নিয়ে যুদ্ধ করব না, বরং কূটনৈতিক আলাপ-আলোচনার পথেই সমস্যার সমাধান খুঁজে চলেছি। এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি, তবে আমরা আশাবাদী।”



