পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে তার প্রশাসন। চুক্তিতে পাকিস্তানের বিশাল তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চুক্তির ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!”
তবে চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তির বিষয়ে আরও তথ্য সঠিক সময়ে জানানো হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, তার প্রশাসন বর্তমানে একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে। বুধবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।
তিনি বলেন, “বর্তমানে দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক রয়েছে। তবে তারা তা কমানোর প্রস্তাব দিয়েছে। আমি শুনতে আগ্রহী যে তারা কী প্রস্তাব দিচ্ছে।”
ট্রাম্প জানিয়েছেন, বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে, যার ফলে দেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে।
তিনি ইতোমধ্যে ১ আগস্ট সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, যারা এর মধ্যে চুক্তিতে পৌঁছাবে না, তাদের ওপর বর্তমানে চালু ১০ শতাংশের চেয়ে বেশি শুল্ক আরোপ করা হবে। চীনের জন্য এই সময়সীমা ১২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
চীনের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, “চীনের সঙ্গে আলোচনা ভালোই চলছে। আমি মনে করি, বিষয়টা ভালোভাবেই মীমাংসা হবে।”
এদিকে, একই দিন ভারত থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ভাষ্যে, “ভারতের শুল্ক বিশ্বে অন্যতম উচ্চ এবং দেশটি অযৌক্তিক বাণিজ্য বাধা দিয়ে রেখেছে।”
ট্রাম্প আরও জানান, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়েছে। তবে সব চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ পায়নি এবং কয়েকটি চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে।



