
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনারস কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৪তম, যেখানে গত বছর এই অবস্থান ছিল ৯৭তম।
বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এটি আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
হেনলি ইনডেক্সে পাসপোর্টের র্যাংকিং নির্ধারণ করা হয় কতটি দেশে পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন—এই মাপকাঠিতে।
এ বছরের তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল সুবিধায় প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার দুই শক্তিশালী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া।
তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে ইউরোপের সাতটি দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।
চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। পঞ্চম স্থানে নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।
বিশ্লেষকদের মতে, ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বাড়লে আন্তর্জাতিক পর্যটন ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের অংশগ্রহণ আরও সহজতর হয়।
বাংলাদেশের এ অগ্রগতি ভবিষ্যতে আরও বিস্তৃত কূটনৈতিক সম্পর্ক ও বৈশ্বিক সংযুক্তির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: হেনলি অ্যান্ড পার্টনারস, ২০২৫ পাসপোর্ট ইনডেক্স



