
পর্যটন সংবাদ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল আসন্ন ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানকে দেওয়া হবে।
তিনি জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এছাড়া, ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি নতুন বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অতীতের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করারও সিদ্ধান্ত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন খাতকে বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলগুলোকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব পদক্ষেপের ফলে দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।



