
পর্যটন সংবাদ ডেস্ক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
অভিযোগ অনুযায়ী, এসব হিসাবে অবৈধভাবে প্রায় ৬৫৩ কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬৬ কোটি টাকা ইতিমধ্যে উত্তোলন করা হলেও এখনো ৮৬ কোটি ৯৮ লাখ টাকার বেশি জমা রয়েছে।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন ও পিএস হিসেবে আদালতে আসামিদের জামিন, নিয়োগ–বদলি বাণিজ্যসহ নানা প্রভাব খাটিয়ে বিপুল অর্থ উপার্জন করেন। পরে ওই অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি, জমি কেনা এবং বিদেশে অর্থপাচারের মতো কর্মকাণ্ডে জড়িত হন।
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী এসব অপরাধের প্রমাণ পাওয়া যাওয়ায় হিসাবগুলো জব্দের আবেদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আদালত আবেদন মঞ্জুর করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
আদালত মনে করেন, হিসাবগুলো ফ্রিজ না করলে অর্থ অন্যত্র স্থানান্তরের আশঙ্কা রয়েছে, যা তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।



