
পর্যটন সংবাদ ডেস্ক : সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত নয়জন সচিব ও সিনিয়র সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তি অনুসারে তাদের চুক্তির বাকি সময়সীমা এখন থেকে বাতিল বলে গণ্য হবে। এর ফলে তারা আর স্ব স্ব পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন— স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান এবং পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগম।
এর আগে একই দিনে আরও তিনজন সচিবকে নিজ নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এসব সিদ্ধান্তের মাধ্যমে সরকার প্রশাসনিক কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনছে বলে মনে করা হচ্ছে।


