
পর্যটন সংবাদ ডেস্ক : বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটের দিকে এই কম্পন টের পাওয়া যায়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলে, যা ঢাকা থেকে প্রায় ৪৬২ থেকে ৫৪২ কিলোমিটার দূরে অবস্থিত।
এই কম্পন ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে। কক্সবাজার ও আশপাশের এলাকায় তুলনামূলকভাবে বেশি তীব্রতায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যার উৎসস্থল ছিল ঢাকা থেকে প্রায় ২৫২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষতির কারণ না হলেও সতর্কতা অবলম্বন করা উচিত। জনসাধারণকে ভবনের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



