পর্যটন সংবাদ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের চাপ ও ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র কোনো অবস্থাতেই ওয়াশিংটনের সামনে মাথানত করবে না।
সোমবার প্রকাশিত এক বক্তব্যে খামেনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে চলেছে তেহরান, তবে সেটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে নয়। তার দাবি, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা চালায়, যা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ ছিল।
খামেনি অভিযোগ করেন, ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো ইরানকে নিজেদের ইচ্ছেমতো চালানো ও বাধ্য করা। তবে দেশের জনগণ সেনাবাহিনী, সরকার ও রাষ্ট্রের পক্ষে থেকে শত্রুর ষড়যন্ত্র প্রতিহত করেছে।
তিনি আরও বলেন, বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে বিভেদ তৈরি করে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এজেন্টরা সমাজে ফাটল ধরানোর চেষ্টায় লিপ্ত।
তবে ইরানের সর্বোচ্চ নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, “আজ আল্লাহর কৃপায় জাতি ঐক্যবদ্ধ। মতপার্থক্য থাকলেও রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে জনগণ সবসময় একসাথে হয়েছে।”



