
পর্যটন সংবাদ ডেস্ক : মালদ্বীপের জাতীয় এয়ারলাইন্স মালদিভিয়ান এয়ারলাইন্স আগামী ১২ মার্চ ২০২৬ থেকে ঢাকা ও মালের মধ্যে সরাসরি ফ্লাইট সেবা পুনরায় শুরু করতে যাচ্ছে। এই রুট পুনরায় চালুর ফলে দক্ষিণ এশিয়ার দুই বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও মজবুত হবে।
এ উপলক্ষে রাজধানী ঢাকার একটি হোটেলে মালদিভিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসেসের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে মালদিভিয়ান এয়ারলাইন্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ইয়াস এবং গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশীদ, মালদিভিয়ান এয়ারলাইন্সের গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম এবং জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ।
রাষ্ট্রদূত শিউনিন রাশীদ বলেন, এই ফ্লাইট রুট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী হবে।
প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—রবিবার ও বৃহস্পতিবার—এই ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন টিকিটের ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭,৮৮০ টাকা। ফ্লাইটগুলো ভোরবেলা ঢাকায় অবতরণ করবে, যাতে যাত্রীরা সহজেই অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইটে যেতে পারেন।
মালদিভিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের চাহিদা এবং রমজান শেষে ঈদুল ফিতরের সময় যাত্রী চলাচল বাড়ার প্রেক্ষিতে এই রুট পুনরায় চালু করা হচ্ছে। এটি মালদ্বীপের নাগরিকদের বিদেশ ভ্রমণ এবং বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ সুবিধা প্রদান করবে।
যাত্রীরা ৩০ কেজি চেকড ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকিট বুকিং এখন মালদিভিয়ান এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টারের মাধ্যমে চালু রয়েছে।
বর্তমানে মালদিভিয়ানের বহরে ২৬টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি এয়ারবাস এ৩২০সহ বিভিন্ন ধরনের বিমান রয়েছে। এগুলো দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।
এই উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও মানবিক যোগাযোগকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।



