১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিক হত্যার বিচার হয়নি : ইউনেস্কো

 

২০২২-২০২৩ সালে প্রতি ৪ দিনে একজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো । এবং এসব হত্যাকাণ্ডে জড়িতদের বেশিরভাগ ক্ষেত্রেই বিচারের আওতায় আনা হয়নি ।

গত শনিবার (২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইউনেস্কো জানায়, বিশ্বজুড়ে সাংবাদিকদের হত্যার ঘটনা আগের দুই বছরের তুলনায় ২০২২-২০২৩ সালে ৩৮% বেড়েছে।এই সময়ে ১৬২ জন সাংবাদিককে হত্যার নিশ্চিত তথ্য দিয়েছে জাতিসংঘের ইউনেস্কো সংস্থাটি।

এক বিবৃতিতে ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে বলেন, “২০২২ এবং ২০২৩ সালে প্রকৃত সত্য খুঁজে বের করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে প্রতি ৪ দিনে একজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।”

২০২২ এবং ২০২৩ সালে সাংবাদিক হত্যাকাণ্ডের অর্ধেকেরও বেশি সংগঠিত হয়েছে সংঘাত ও সহিংসতা প্রবণ অঞ্চলে। বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিকরা তাদের নিজ দেশেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠিত অপরাধ বা দুর্নীতি নিয়ে কাজ করার সময় কিংবা বিক্ষোভের প্রতিবেদন করার সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাংবাদিকরা।

২০২২ সালে মেক্সিকোতে সর্বোচ্চ ১৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আর ২০২৩ সালের সর্বোচ্চ ২৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিন অঞ্চলে।

প্রতিবেদনটিতে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে ল্যাটিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং আরব দেশগুলোকে।

পরিসংখ্যানে দেখা গেছে, উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপ সাংবাদিকদের জন্য সবচেয়ে কম বিপজ্জনক অঞ্চল ছিল। এসব অঞ্চলে মোট ছয়জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।

২০২২-২০২৩ সালে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিকদের মধ্যে নারী সাংবাদিক ছিলেন ১৪ জন (৯%)।

প্রতিবেদনে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীদের শাস্তি দেওয়া হয়নি। ২০০৬ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক হত্যা নিয়ে দায়ের করা মামলার ৮৫% এখনও অমীমাংসিত।

২০১৮ সালের হিসাবে দেখা গেছে, সংখ্যাটি ছিল ৮৯%। ২০১২ সালে দায়মুক্তির হার ছিল ৯৫%।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে বলেন, “এই অপরাধগুলোর অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিন্তু বাস্তবতা হলো ৮৫% ঘটনা এখনও অমীমাংসিত রয়ে গেছে।”

 

Read Previous

ভারতকে সাইবার থ্রেটের রিপোর্ট দিলো কানাডা

Read Next

২৩০ কোটি ডলার রেমিট্যান্স আসলো অক্টোবরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular