
পর্যটন সংবাদ ডেস্ক : মানিকগঞ্জের ওল্ড লঞ্চ ঘাট এলাকার হরিজন কলোনিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা শিবির ও রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বিমান খাতকে লক্ষ্য করে ছড়ানো মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমানবন্দরগুলোতে উন্নত, নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি অভিযোগ করেন যে, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
মন্ত্রী জানান, সরকার বিমানবন্দরের আধুনিকীকরণ, সেবার মান উন্নয়ন এবং যাত্রীবান্ধব পরিবেশ তৈরিতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। বিশেষ করে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি নির্ভরযোগ্য, দক্ষ ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন যে, চলমান সংস্কার ও উন্নয়ন কর্মসূচির ফলে দেশের বিমান চলাচল খাতের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ যাত্রীসহ প্রবাসী কর্মীরা উন্নত ভ্রমণ সুবিধা পাবেন। একইসঙ্গে তিনি নাগরিকদের এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সচেতন থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে মানিকগঞ্জের বিভিন্ন স্তরের চিকিৎসক, বিএনপি-সমর্থিত সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।


