
পর্যটন সংবাদ ডেস্ক : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের কোনো টার্মিনালের মালিকানা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রধান সমুদ্রবন্দরের সব টার্মিনাল, জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনার একক মালিকানা বন্দর কর্তৃপক্ষের। কোনো সময়ই বিদেশি প্রতিষ্ঠানের কাছে মালিকানা হস্তান্তরের পরিকল্পনা ছিল না, এখনো নেই।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের অনুমোদিত বিধিবিধান অনুসারে কেবল লাইসেন্সপ্রাপ্ত অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে, যা মালিকানা হস্তান্তরের বিষয় নয়।
বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “বিদেশিদের কাছে মালিকানা হস্তান্তরের কোনো প্রশ্নই আসে না। এটি কেবল অপারেটর নিয়োগের প্রক্রিয়া, যা অনেক আন্তর্জাতিক বন্দরে প্রচলিত।”
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা নিয়ে মনগড়া, কল্পনাপ্রসূত ও অসত্য তথ্য প্রচার করা হয়েছে, যা সাধারণ মানুষ ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বন্দর কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এ নিয়ে অবাস্তব বা বিভ্রান্তিকর সংবাদ বন্দরের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই চট্টগ্রাম বন্দর সম্পর্কিত সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল, সত্য ও বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।



