
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন বিকাশে কানাডার সঙ্গে সহযোগিতার বড় সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে কানাডার একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কার্যকরভাবে কাজ করতে পারে।
বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম এমন একটি অঞ্চল যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বসবাস করে আসছে। সরকারের লক্ষ্য শুধু উন্নয়ন নয়, বরং দুর্গম পাহাড়ি এলাকাসহ প্রতিটি জনগোষ্ঠীর কাছে নাগরিক সেবা, অবকাঠামো ও উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। তিনি জানান, পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়েই পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
কানাডার হাই কমিশনার অজিত সিং বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কানাডা ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ কানাডীয় হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, ফার্স্ট সেক্রেটারি জোসেফ ম্যাকিনটোশ, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় দুই দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার বিভিন্ন দিক উঠে আসে।
সূত্র: বিএসএস


