
পর্যটন সংবাদ ডেস্ক : আঞ্চলিক পর্যটন সহযোগিতা জোরদার এবং বহির্গামী পর্যটন প্রসারের লক্ষ্যে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ঢাকা) ২০২৬ আয়োজক কমিটি এবং বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম (বিওটিওএফ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে হোটেল সারিনায় বিওটিওএফ-এর বার্ষিক সদস্য সম্মেলন চলাকালীন এই চুক্তি স্বাক্ষরিত হয়। এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও ‘পর্যটন বিচিত্রা’র সম্পাদক মহিউদ্দিন হেলাল এবং বিওটিওএফ সভাপতি চৌধুরী হাসানউজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, বিওটিওএফ আসন্ন এটিএফ ঢাকা ২০২৬-এর সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে। ফোরামের সদস্যরা মেলায় অংশগ্রহণে বিশেষ ছাড় পাবেন। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক সম্মেলন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিতব্য এই মেলায় বহির্গামী, অভ্যন্তরীণ, আগমনী, চিকিৎসা পর্যটন এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিশেষ আলোচনা হবে।
আয়োজকরা জানিয়েছেন, মেলায় ১৫টির বেশি দেশ থেকে ৩০০ জনের অধিক প্রদর্শক অংশ নেবেন। এর মাধ্যমে ব্যবসায়িক নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং আঞ্চলিক পর্যটন সংযোগ অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষের প্রতিনিধিরা মনে করেন, এই সহযোগিতা এটিএফ ঢাকাকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে পরিণত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিওটিওএফ সদস্য, পর্যটন পেশাজীবী, বিমান সংস্থা প্রতিনিধি, জাতীয় পর্যটন সংস্থার কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



