পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করলেন

পর্যটন সংবাদ ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মন্ত্রিসভা গঠনের পর এটিই প্রথম কোনো মন্ত্রীর পদত্যাগ।

দীপেন দেওয়ান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এরপর ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন।

১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপ-জাতীয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো তার পদত্যাগপত্র গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সূত্রগুলো বলছে, স্বাস্থ্যগত কারণে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে পারছেন না।

Read Previous

বিশ্ব মে দিবসে কেমন কাটছে বাংলাদেশের পর্যটন কেন্দ্রিক শ্রমিক ও কর্মীদের জীবন

Read Next

কক্সবাজারে ফিরেছে পর্যটকের ঢল, উত্তাল সাগরে লাল পতাকার সতর্কতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular