১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর ঢাকায়, ২০ জুলাই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ

পর্যটন সংবাদ ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর আজ (বুধবার) সকালে ঢাকায় পৌঁছেছে। করাচি ও দুবাই হয়ে ঢাকায় অবতরণ করা বহরটিতে রয়েছেন দলের অধিনায়ক সালমান আলি আগা, ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খুশদিল শাহসহ কোচিং স্টাফের একাধিক সদস্য।

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের বরাতে জানা গেছে, দলের বাকি সদস্যরা বুধবার বিকেলে ঢাকায় এসে পৌঁছাবেন। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই, দ্বিতীয়টি ২২ জুলাই এবং শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। সবগুলো ম্যাচই রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

বাংলাদেশ সফরের আগ মুহূর্তে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানি অধিনায়ক সালমান আগা বলেন, “বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই প্রতিযোগিতামূলক দল। নিজেদের মাঠে তারা আরও ভয়ঙ্কর। পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, অনেক শক্তিশালী দলও এখানে হেরে গেছে। আমরা সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি।”

নিজের নেতৃত্ব ও চ্যালেঞ্জ নিয়ে প্রশ্নে সালমান বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জে ভরা। কখনো ভালো যাবে, কখনো কঠিন সময় আসবে—সব কিছু মানিয়ে নিয়েই এগোতে হবে। ক্যারিয়ারের পথটা অনেকটাই জীবনের মতোই—উত্থান-পতনের মধ্য দিয়েই সামনে এগিয়ে যেতে হয়।”

উল্লেখ্য, এর আগেই গত মাসে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ দল। সে সিরিজে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি ৩-০ ব্যবধানে পরাজিত হয়।

নতুন এই সিরিজে বাংলাদেশ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায়, আর পাকিস্তান চাইবে ধারাবাহিকতা ধরে রাখতে।

Read Previous

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও উত্তেজনা: পদযাত্রা কর্মসূচিতে সহিংসতা

Read Next

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার পর ১৪৪ ধারা জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular