
পর্যটন সংবাদ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় উপকূলীয় এলাকা চরকাঁকড়ায় একটি প্রবাসীর বাড়িতে হুমকি চিঠি পাঠিয়ে নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ভয়ংকর হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় স্থানীয় পর্যটন পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রবাসীর বাবা সিরাজ মিয়া কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার বাড়ির সামনে একটি খাম ফেলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। খামের ওপর লেখা ছিল ‘লাল বাহিনী’। খামের ভেতরে লেখা হুমকিমূলক চিঠিতে বাড়ির স্বর্ণালংকার ও অর্থ না দিলে পরিবারের ওপর বর্বর হামলার হুমকি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, “তোমার বাড়িতে যথেষ্ট পরিমাণ স্বর্ণালংকার ও টাকা-পয়সা আছে। যদি তা না পাই, তোমার ছেলে ও নাতিকে দুনিয়া ছাড়া করব এবং ছেলের বউকে তোমার সামনে আমরা গণধর্ষণ করব।”
সিরাজ মিয়া বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে ইতালিতে থাকে। সম্প্রতি দেশে ফিরেছে। বাড়িতে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। এ ধরনের ঘটনা শুধু আমাদের নয়, পুরো এলাকার পর্যটন পরিবেশকেই হুমকির মুখে ফেলছে।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
চরকাঁকড়া ও আশপাশের উপকূলীয় এলাকা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হলেও এমন ধরনের ঘটনা স্থানীয় পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সচেতন মহল।



