
পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার সন্তান প্রসবের উদ্দেশ্যে (বার্থ ট্যুরিজম) মার্কিন ভিজিটর ভিসা ব্যবহারের বিরুদ্ধে স্পষ্ট ও কঠোর সতর্কবার্তা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, আবেদনকারীর মূল উদ্দেশ্য যদি যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে তাকে মার্কিন নাগরিকত্ব দেওয়া হয় বলে কনস্যুলার কর্মকর্তারা বিশ্বাস করেন, তাহলে ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
দূতাবাসের নিজস্ব যাচাইকৃত ফেসবুক পেজে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “আপনার সন্তানকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের জন্য ভিসা ব্যবহার করে ভ্রমণ করা অনুমোদিত নয়।”
মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুসারে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া যেকোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভ করে। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে ‘বার্থ ট্যুরিজম’ নামে একটি প্রবণতা বেড়ে যাওয়ায় মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। দূতাবাসের এই নতুন সতর্কবার্তা বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ায় আরও কঠোর নজরদারি ও যাচাই-বাছাইয়ের ইঙ্গিত দিচ্ছে।
যারা পর্যটন বা অন্য বৈধ উদ্দেশ্যে ভিসা আবেদন করবেন, তাদের জন্যও পরামর্শ দেওয়া হয়েছে যেন আবেদনপত্রে ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট ও সত্য হয়। অন্যথায় ভিসা না পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা আবেদনেও জটিলতা তৈরি হতে পারে।


