পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত ভ্যাপসা গরমের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসছে না।
বুধবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে কখনো কখনো মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং অস্থায়ীভাবে হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
এ ছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।



