২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু আরও ৬ জনের ,হাসপাতালে ভর্তি ১২৯৭

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩২০ জনের মৃত্যু হলো।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে তিনজনের, চট্টগ্রাম বিভাগে দুজনের এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ৩৩৮ রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ২৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৫, খুলনা বিভাগে ১৭১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩, বরিশাল বিভাগে ৮৯, রংপুর বিভাগে ৩৬, রাজশাহী বিভাগে ৩৪, ময়মনসিংহ বিভাগে ৩৩ ও সিলেট বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৪ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছরের জুলাই থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ওই মাসে ডেঙ্গুতে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন। পরের মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৫২১। সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ গুণ বেড়ে হয় ১৮ হাজার ৯৭। এ বছর এখন পর্যন্ত ৬৫ হাজার ৭৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছিল। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা। এই বয়সী ১০ হাজার ১৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২৫ থেকে ৩০ বছর বয়সীদের। এই বয়সী ৩১ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Read Previous

ছুটি রিসোর্টে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি

Read Next

সাড়ে ৩ ঘন্টা করে ৭ দিন বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular