
পর্যটন সংবাদ ডেস্ক : জালিয়াতি, প্রতারণা ও আবেদনকারীদের বিভ্রান্ত করার অভিযোগে বাংলাদেশে চীনা ভিসা প্রক্রিয়াকারী ট্রাভেল এজেন্সিগুলোর জন্য কঠোর নতুন বিধিমালা ঘোষণা করেছে চীনা দূতাবাস। দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ জুলাই ২০২৬ থেকে বাংলাদেশে চীনা ভিসার আবেদন প্রক্রিয়াকারী সব ট্রাভেল এজেন্সিকে অবশ্যই ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) থেকে স্বীকৃতিপত্র নিতে হবে। দূতাবাস সম্প্রতি কয়েকটি এজেন্সির বিরুদ্ধে আবেদনপত্রে জালিয়াতি, সেবা ফি গোপন, ভিসা পাওয়ার জটিলতা অতিরঞ্জিত করে প্রচার, প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা এবং আবেদনকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ পেয়েছে।
দূতাবাস জানিয়েছে, এসব অনিয়ম চীনা ভিসা প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করছে এবং বাংলাদেশি আবেদনকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করছে। “দূতাবাসের ছদ্মবেশে বাণিজ্যিক ভিসা কার্যক্রম পরিচালনাকারী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,” বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, কোনো ধরনের জালিয়াতি বা সন্দেহজনক অনিয়ম দেখলে নির্ধারিত ইমেইলে তাৎক্ষণিকভাবে জানাতে। একইসঙ্গে জানানো হয়েছে যে, দূতাবাস কোনো ট্রাভেল এজেন্সিকে বিশেষ সুবিধা দেয় না এবং ভিসা পর্যালোচনায় কাউকে বিশেষ বিবেচনা করা হয় না।
অপেক্ষার সময় কমাতে আবেদনকারীদের সরাসরি চীনের সরকারি ভিসা আবেদন পোর্টালের মাধ্যমে নিজেরাই আবেদন করার পরামর্শ দিয়েছে দূতাবাস। তারা আরও জানিয়েছে, বাংলাদেশে কোনো বিশেষ ভিসা সংস্থাকে অনুমোদন বা মনোনীত করা হয়নি।
দূতাবাস দুই দেশের মধ্যে ভ্রমণ ও মানুষে-মানুষে যোগাযোগ সহজ করতে দক্ষ ভিসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।



