২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ, থমথমে পরিস্থিতি

খাগড়াছড়ি প্রতিনিধি। পর্যটন সংবাদ: খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে। জেলার গুইমারা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তিনজন পাহাড়ি নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা আরও বেড়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পাহাড়ি-বাঙালি উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতদের মরদেহ গতকাল রবিবার বিকেলে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আনা হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে, আজ সোমবার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার পর থেকে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এর জের ধরে হামলা-পাল্টা হামলা, দোকানপাট ভাঙচুরসহ একাধিক সহিংস ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় ১৪৪ ধারা জারি রয়েছে এবং তা এখনো বহাল।

সড়ক অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। লংগদু, বাঘাইছড়িসহ বিভিন্ন বাজারের কাঁচামালবাহী ট্রাক ও পিকআপ সড়কে আটকে আছে। ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে গেছে। শহর ও শহরতলীর রাস্তাঘাট প্রায় ফাঁকা, জরুরি প্রয়োজনে সীমিতসংখ্যক মানুষ বাইরে বের হচ্ছেন।

সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ টহল দিচ্ছে। ধর্ষণ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে অন্য দুই আসামি এখনো পলাতক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে জুম্ম ছাত্র-জনতা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম বলেন, “পরিস্থিতি শান্ত রাখতে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে। ১৪৪ ধারা বলবৎ রয়েছে।”

Read Previous

মেরদেকা স্কোয়ার: কুয়ালালামপুরের হৃদয়ে স্বাধীনতার স্মৃতি

Read Next

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ দিন আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular