কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, অভিযোগ যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

পর্যটন সংবাদ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের কারণে স্থানীয় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিলেন। সেদিন সন্ধ্যায় জুয়েল পেশাগত কাজে উপজেলা চত্বরে গেলে হঠাৎ ৩০-৪০ জন নেতাকর্মী অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখের নির্দেশে ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা ও যুবদল কর্মী বায়জিদ হাওলাদারের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ দলটির শীর্ষ নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরে কালের কণ্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ কয়েকজন স্থানীয় সংবাদকর্মী এগিয়ে এসে গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং জুয়েলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তার পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Read Previous

সাতক্ষীরার তেতুলিয়ায় মরিচ্চাপ নদীর ভাঙনে আতঙ্ক

Read Next

হার্নিয়া: অবহেলা নয়, সময়মতো চিকিৎসা নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular