
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশ প্রবাসীদের সেবা আরও সহজ ও কার্যকর করতে এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কেপটাউনে নতুন অনারারি কনস্যুলেট চালু করেছে।
শুক্রবার কেপটাউনে কনস্যুলেটের সফট ওপেনিং অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আলম সিয়াম ও দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি। ওয়েস্টার্ন কেপ প্রদেশে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী প্রবাসী জনগোষ্ঠী বসবাস করে। এই অঞ্চলে বাংলাদেশী নাগরিকদের কনস্যুলার সেবা ও সহায়তা প্রদানে নতুন কনস্যুলেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে বাংলাদেশ সরকার স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ইয়োহান ম্যাক্স লে রু-কে গত বছরের অক্টোবরে ওয়েস্টার্ন কেপের অনারারি কনসাল হিসেবে নিয়োগ দিয়েছে। দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে তার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আসাদ আলম সিয়াম বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। তিনি দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ষষ্ঠ পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় (এফওসি) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।



