
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতে গোসলে নেমে এক পর্যটকের প্রাণ গেছে; তবে উদ্ধার করা হয়েছে তার স্ত্রীকে।
শুক্রবার দুপুর ২টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেন সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী হাকিম মো. তানভীর হোসেন।
মৃত ফয়ছল আহমেদ (২৩) সিলেট সদর উপজেলার শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।
স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, সকালে ফয়ছল তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তারা ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেল ওঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে সৈকতে গোসলে করতে যান।
তিনি বলেন, খবর পেয়ে বিচ কর্মী ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালান। বিকাল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার সৈকতে ফয়ছলের মৃতদেহ ভেসে আসে।
পরে মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তানভীর হোসেন।
পর্যটন সংবাদ/



