
পর্যটন সংবাদ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আসন্ন তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। দুবাইভিত্তিক বিশ্বখ্যাত বিমান সেবা প্রতিষ্ঠান ডানাটা (dnata)-কে এই দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা উত্থাপন করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইউএই’র রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহমুদী এই প্রস্তাব তুলে ধরেন। প্রতিমন্ত্রী মিল্লাত জানিয়েছেন, টার্মিনালের পরিচালনগত প্রস্তুতি এবং বিমানবন্দর হস্তান্তর (ওআরএটি) প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রক্রিয়া সমাপ্তির পর সংশ্লিষ্ট সব পক্ষকে যথাযথভাবে জানানো হবে।
মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের বিমানবন্দর গুলোতে সেবার মান উন্নয়নে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। রাষ্ট্রদূত আলহমুদী বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয়পক্ষ বিমান চলাচল ও পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে।
তৃতীয় টার্মিনাল চালু হলে ঢাকা বিমানবন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।



