
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : প্রতিকূল আবহাওয়ার কারণে গন্তব্য পরিবর্তন করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন এবং পাইলটসহ কেবিন ক্রুদের কয়েক ঘণ্টার জন্য জিম্মি করে রাখেন। চলতি মাসের ১৪ মার্চ আবুধাবি থেকে সিলেটগামী বিজি-২২৮ ফ্লাইটটি খারাপ আবহাওয়ার জন্য সিলেটে অবতরণ করতে না পেরে ঢাকায় ঘুরিয়ে আনা হয়।
যাত্রীদের সিলেটে পৌঁছে দেওয়ার জন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যবস্থা করলেও কিছু যাত্রী তাতে রাজি না হয়ে বিমানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা ক্রুদের লক্ষ্য করে অশালীন গালাগালি করেন, মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং পাইলটদের ককপিটে আটকে রাখার হুমকি দেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্রুরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন।
ক্যাপ্টেন এনাম তালুকদারের নেতৃত্বে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল। চিফ পার্সার হাফসা আহমেদ শিল্পীসহ মোট ৮ থেকে ৯ জন ক্রু সদস্য এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হন। এক কেবিন ক্রু সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, “যাত্রীরা আমাদেরকে বিমানের ভেতরে কার্যত জিম্মি করে রেখেছিল। বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কার্যকর সহায়তা পাইনি।”
যাত্রীদের একজন সাব্বির হাসান দাবি করেন, বিমান সংস্থা সেহরির খাবারের জন্য তাদের জোর করে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যা তারা প্রত্যাখ্যান করেন। পরে কয়েক ঘণ্টা অপেক্ষার পর বিমান কর্তৃপক্ষ ঢাকা থেকে নতুন যাত্রীদের তুলে নিয়ে একই বিমানে পুরনো যাত্রীদের সিলেটে পৌঁছে দেয়।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম বলেন, যাত্রীরা প্রতিকূল আবহাওয়ার বাস্তবতা বুঝতে চাননি।ক্যাপ্টেন ও ক্রুরা পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন। বিমান চলাচল সূত্র জানায়, এ ধরনের আবহাওয়াজনিত ফ্লাইট ডাইভারশন আন্তর্জাতিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া, তবে যাত্রীদের সহযোগিতা ছাড়া নিরাপদ সমাধান সম্ভব নয়।
এ ঘটনা আকাশপথে যাত্রীদের শৃঙ্খলা ও ক্রুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।



