আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পর্যটনসহ দ্বিপাক্ষিক সহযোগিতা আলোচনায়

পর্যটন সংবাদ ডেস্ক: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ (২৩ আগস্ট) দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। সফরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন।

শুক্রবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার সকালে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সরকারি সূত্র জানায়, সফরের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভিসামুক্ত যাতায়াত সুবিধা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, সাংস্কৃতিক সহযোগিতা, এবং দুই দেশের পর্যটন ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়।

কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন বিষয়, স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের অংশীদারি এবং আটক পাকিস্তানি নাগরিকদের ফেরত নেওয়া বিষয়গুলোও আলোচনায় আসবে। এছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখযোগ্য, ২০১২ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকায় আসছেন ইসহাক দার। বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের এই উন্নয়নের ফলে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু এবং পাকিস্তানি পণ্যের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো অগ্রগতি ঘটেছে।

পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ভিসা সুবিধা এবং সরাসরি বাণিজ্য সম্প্রসারণ পর্যটকদের জন্য নতুন দিক খুলে দেবে, যা ভবিষ্যতে দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করবে।

Read Previous

লস অ্যাঞ্জেলেসে রাস্তায় অদ্ভুত চমক: অন্তর্বাসে র‍্যাপার লিল নাস এক্সে পথচারি স্থবির

Read Next

নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ ৫ নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular