
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। মঙ্গলবার হাই কমিশনের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সব ধরনের ভিসা আবেদন—মাইগ্রেশন এজেন্টের মাধ্যমে জমা দেওয়া আবেদনসহ—অবশ্যই সরকারি অফিসিয়াল প্ল্যাটফর্ম ‘ইমিঅ্যাকাউন্ট’-এর মাধ্যমে জমা দিতে হবে এবং আবেদনকারীদের নিজেরাই তা যাচাই করতে হবে।
হাই কমিশন আবেদনকারীদের পরামর্শ দিয়েছে, মাইগ্রেশন এজেন্টদের কাছ থেকে ইমিঅ্যাকাউন্টে প্রবেশাধিকার নিশ্চিত করতে, যাতে তারা স্বাধীনভাবে নিজেদের আবেদন পর্যালোচনা করতে পারেন। এতে নাম, জন্মতারিখ, পাসপোর্টের তথ্য, ভিসার ধরন, আবেদনের অবস্থা এবং বায়োমেট্রিক নির্দেশনা সঠিক আছে কি না তা যাচাই করা সম্ভব হবে। পাশাপাশি, প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়া সরকারের পাঠানো সব বার্তা ও আপডেট নিয়মিত দেখার উপরও জোর দেওয়া হয়েছে।
হাই কমিশন মনে করে, ইমিঅ্যাকাউন্ট ব্যবহার আবেদনকারীদের প্রতারণা ও জালিয়াতির হাত থেকে রক্ষা করবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে। এ ছাড়া ঢাকায় অস্ট্রেলিয়ান মিশন অনলাইনে ভিসা আবেদন, ব্যবস্থাপনা ও আবেদন জমার পর করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশিকা লিঙ্কও শেয়ার করেছে।
বিশ্বব্যাপী তৃতীয় পক্ষের ভিসা এজেন্টদের দ্বারা অভিবাসন জালিয়াতি বেড়ে যাওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীরা এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।



