০৯/০৫/২০২৬
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১৫ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ইউনিক গ্রুপের চেয়ারম্যান নূর আলীর বিরুদ্ধে সিআইডির মামলা

পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানীর বনানীতে সরকারি জমির একটি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী এবং তার নির্মাণ প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অর্থ পাচার মামলা দায়ের করেছে অপরাধ তদন্ত অধিদপ্তর (সিআইডি)।

সিআইডি জানিয়েছে, ‘বনানী সুপার মার্কেট-কাম-হাউজিং’ প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সঙ্গে চুক্তি অনুযায়ী ১৪ তলা ভবন নির্মাণের কথা থাকলেও বোরাক রিয়েল এস্টেট অনুমোদন ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করে সেখানে পাঁচ তারকা হোটেল (শেরাটন ঢাকা) চালু করে। এই অবৈধ কার্যক্রম থেকে ১১৫ কোটি ৫৮ লাখ টাকারও বেশি অর্থ আয় করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন না করে এবং ডিএনসিসির প্রাপ্য অংশ না দিয়েই বারবার চুক্তি সংশোধনে প্রভাব বিস্তার করা হয়েছে। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনাপত্তি সনদ ছাড়াই নির্মাণকাজ চালানো হয়। ফলে বিমান চলাচলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

সিআইডির ভাষ্যমতে, অবৈধভাবে অর্জিত এই অর্থ সম্পদ স্থানান্তর, রূপান্তর ও গোপনের মাধ্যমে পাচার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, দখলকৃত সম্পদের প্রকৃত বাজারমূল্য যাচাই করলে পাচারের পরিমাণ আরও বাড়তে পারে।

সিআইডির আর্থিক অপরাধ বিভাগ বর্তমানে মামলাটি তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। গত ৭ মে বনানী থানায় দায়ের করা এ মামলায় আরও বিস্তারিত তথ্য উদঘাটনের কাজ চলছে।

Read Previous

ঈদুল আজহায় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি, আগের দুই দিন অফিস খোলা

Read Next

ঈদুল আজহায় রাজধানীতে ২৮ পশুর হাট, স্বচ্ছ টেন্ডারে ইজারা সম্পন্নের পথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular