
পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানীর হাতিরঝিলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন–২)’। প্রায় এক হাজার রানারের অংশগ্রহণে শনিবার ভোরে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-এর উদ্যোগে। স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরাই ছিল এই দৌড়ের মূল লক্ষ্য।
সকাল ৬টায় হাতিরঝিল-এর পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হয় দৌড়। এতে ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রান ও ২ কিলোমিটার ফান রান—দুটি ক্যাটাগরিতেই অংশ নেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ। বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাতের কর্মীদের সক্রিয় উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এমন আয়োজন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি বাংলাদেশের পর্যটনকে নতুনভাবে তুলে ধরছে। সরকার আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়তে বিদেশি বিনিয়োগ আনতে কাজ করছে এবং পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বড় পরিসরের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ। গ্রুপটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন জানান, সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনের সাফল্য প্রমাণ করে। আগামী বছর এই দৌড়কে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।
এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, ‘বিউটিফুল বাংলাদেশ রান’ এখন তাদের একটি ফ্ল্যাগশিপ আয়োজন। ভবিষ্যতে ঢাকার বাইরেও, বিশেষ করে কক্সবাজারের মেরিন ড্রাইভে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
ফলাফলে ২ কিলোমিটার দৌড়ে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হন মহিবুর রহমান এবং মেয়েদের বিভাগে নূর-এ-সাবা। ৭.৫ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হন মো. এলাহী সরদার, আর মেয়েদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেন হামিদা আক্তার জেবা। দৌড় শেষে বিজয়ীদের মাঝে ট্রফি, এয়ার টিকিট ও র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়, যা আয়োজনের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।


