১৪/০৫/২০২৬
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় ৭ দিনের লম্বা ছুটি, ২৫ মে থেকে অফিস বন্ধ

পর্যটন সংবাদ ডেস্ক : ঈদুল আজহাকে সামনে রেখে সরকার দেশজুড়ে সাত দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ মে) এক প্রজ্ঞাপনে জানিয়েছে, নির্বাহী আদেশে আগামী ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।

ছুটির সমন্বয়ের জন্য আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা রাখা হবে। তবে জরুরি সেবা খাতগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, হাসপাতাল, ফায়ার সার্ভিস, ডাক, টেলিফোন ও ইন্টারনেটসহ নিত্যপ্রয়োজনীয় সেবা যথারীতি চালু থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে রাখা হয়েছে।

এই দীর্ঘ ছুটির ঘোষণায় চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকেই ঈদের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজধানী ঢাকা ছাড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার প্রস্তুতিও জোরদার হচ্ছে।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষর করেন। বেসরকারি শিল্প-কারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

Read Previous

পরিকল্পিত উন্নয়নে টেকনাফ হতে পারে দেশের বিশ্বমানের পর্যটন জোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular