
পর্যটন সংবাদ ডেস্ক : ইন্দোনেশিয়া অবৈধ জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িত বিদেশিদের গ্রেপ্তারের ঘটনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নাগরিকদের জন্য প্রচলিত ভিসামুক্ত প্রবেশ নীতি পুনরায় মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার দেশটির এক শীর্ষ অভিবাসন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
গত সপ্তাহে দেশটির কর্তৃপক্ষ রাজধানী জাকার্তায় একটি অনলাইন জুয়া চক্র এবং পূর্বাঞ্চলের রিয়াউ দ্বীপপুঞ্জ প্রদেশের বাতামে একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০০ জনের বেশি বিদেশিকে আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, লাওস ও মিয়ানমারের নাগরিকরা রয়েছেন, যারা ইন্দোনেশিয়ায় ৩০ দিনের ভিসামুক্ত সুবিধা ভোগ করেন। এছাড়া চীনা নাগরিকরাও জড়িত ছিলেন।
ইন্দোনেশিয়ার অভিবাসন প্রধান হেন্ডারসাম মারান্টোকো বলেন, এ ধরনের অবৈধ কার্যকলাপ গুরুতর উদ্বেগের বিষয়। তিনি এক বিবৃতিতে জানান, ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশগুলো থেকে আসা ব্যক্তিদের অবৈধ কর্মকাণ্ডের ঘটনা নীতিমালা পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা তৈরি করেছে।
তদন্তে দেখা গেছে, জাকার্তার জুয়া কেন্দ্রে জড়িত অনেকেই ভিসা মওকুফের মাধ্যমে দেশে প্রবেশ করেছিলেন অথবা প্রবেশের পর বৈধ অনুমতির জন্য আবেদন করেছিলেন।
হেন্ডারসাম আরও জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিবাসন কর্তৃপক্ষ ৬,৭০০টিরও বেশি প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ২,০০০ জনের বেশি বিদেশিকে নির্বাসন এবং তাদের বসবাসের অনুমতি বাতিল করা হয়েছে।
সূত্র: এএফপি


