
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ জারি হয়নি বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মিসরীয় দূতাবাস। মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া: কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে” শীর্ষক প্রতিবেদনটি বিভ্রান্তিকর এবং ভুল তথ্যের ভিত্তিতে তৈরি। এতে ভুলভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, মিসর বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে।
সরকারিভাবে ভিসা প্রক্রিয়া চালু রয়েছে
মিসরীয় দূতাবাসের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী চলমান রয়েছে। ভিসা প্রদানে কোনো ধরনের আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা নেই।
ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান
দূতাবাসের পক্ষ থেকে সংবাদমাধ্যম ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে খবর প্রকাশের আগে সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সঠিক তথ্যের জন্য নির্ভরযোগ্য যোগাযোগ
মিসর সফরের পরিকল্পনা করছেন এমন বাংলাদেশি নাগরিকদের জন্য দূতাবাস জানিয়েছে, ভিসা সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য তাদের কনস্যুলার বিভাগে সরাসরি যোগাযোগ করা যাবে। যোগাযোগের ঠিকানা ও নম্বর নিচে দেওয়া হলো:
ফোন: +02 2222 93 999
ইমেইল: visa.consular.egyembdha@gmail.com
ফেসবুক পেজ: EmbassyOfEgyptInDhaka
পর্যটকদের জন্য বার্তা
মিসর ভ্রমণ পরিকল্পনায় থাকা পর্যটকদের বিভ্রান্তিকর খবরে আতঙ্কিত না হয়ে সরাসরি দূতাবাস বা তাদের নির্ভরযোগ্য ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া থেকে হালনাগাদ তথ্য গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।



