
পর্যটন সংবাদ ডেস্ক : জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজ করা এবং বর্তমান স্থবিরতা দূর করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. খলিলুর রহমান বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
ভিসা জটিলতা নিরসনে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, সম্প্রতি ভারত সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন যে, এসব আলোচনার পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বেলা ৩টায় শুরু হওয়া অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে এ বিষয়টি উত্থাপিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে।


