ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

পর্যটন সংবাদ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল-পরকালীন কল্যাণ নিশ্চিতে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতিটি কথা, কর্ম ও জীবনাদর্শ মুসলমানদের জন্য অবশ্যই অনুসরণীয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, আজ সেই মহিমান্বিত দিন, যেদিন আল্লাহর সর্বশেষ রাসুল হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন। তার আগমন মানবজাতির জন্য বয়ে আনে রহমত, শান্তি ও মুক্তির বার্তা। তৎকালীন সমাজে অন্যায় ও অন্ধকার দূর করে মানুষকে তিনি দেখিয়েছেন সত্য ও আলোর পথ।

তিনি আরও বলেন, পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে মহান আল্লাহ হজরত মুহাম্মদ (সা.)-কে তাওহীদ প্রতিষ্ঠার গুরু দায়িত্ব দেন। নানা প্রতিকূলতা অতিক্রম করে ধৈর্য, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে তিনি শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন এবং কোরআনের মর্মবাণী সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেন।

রাষ্ট্রপতির ভাষ্যে, মহানবী (সা.) শুধু সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই করেননি, বরং সবার ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছেন এবং মুসলমানদের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি দোয়া করে বলেন, মহানবীর (সা.) জীবনাদর্শ আমাদের সবার জীবন আলোকিত করুক। আল্লাহ আমাদেরকে তার আদর্শ যথাযথভাবে অনুসরণের তৌফিক দান করুন, যাতে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করতে পারি। আমিন।

Read Previous

মুন্সীগঞ্জে নেশাজাতীয় দ্রব্য পান করে ৪ জনের মৃত্যু

Read Next

সালমান শাহ: স্বপ্নের নায়ক আজও আমাদের সঙ্গে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular