
পর্যটন সংবাদ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় এবার মোট ২৮টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১২টি হাট বসবে। গাবতলীর স্থায়ী হাটসহ এসব হাটে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, হাট ইজারায় কোনো ধরনের লুকোচুরি বা অনিয়মের সুযোগ নেই। তিন ধাপে টেন্ডার আহ্বান করে সম্পূর্ণ উন্মুক্ত প্রক্রিয়ায় ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে উত্তর সিটির ১০টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে এবং বাকি ৫টি হাটের ইজারা আগামী সোমবার চূড়ান্ত হবে।
অন্যদিকে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, দক্ষিণ সিটির ১২টি অস্থায়ী হাটও সম্পূর্ণ ওপেন টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। এবার কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। হাট ইজারাদারদের নির্দিষ্ট সীমানা বেঁধে দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের আগে কোথাও হাট বসানো যাবে না। এর বাইরে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
এবারের হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করে ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়েছে দুই সিটি কর্তৃপক্ষ।


