হাতিরঝিলে ‘মিডিয়া রান-২০২৬’ নির্মল বায়ুর বার্তা নিয়ে দৌড়ালেন গণমাধ্যমকর্মী ও শোবিজ তারকারা

‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে প্রথমবারের মতো আয়োজিত দৌড়ে অংশ নিলেন প্রায় এক হাজার দৌড়বিদ; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

হাতিরঝিলে ‘মিডিয়া রান-২০২৬’ নির্মল বায়ুর বার্তা নিয়ে দৌড়ালেন গণমাধ্যমকর্মী ও শোবিজ তারকারা
ছবি:মিডিয়া রান

স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং নির্মল বায়ুর গুরুত্ব তুলে ধরতে শনিবার ভোরে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘মিডিয়া রান-২০২৬’। ‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ বিশেষ আয়োজন করা হয়। দূষণমুক্ত পরিবেশ ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এ দৌড়ে অংশ নেন গণমাধ্যমকর্মী, শোবিজ ব্যক্তিত্ব, বিভিন্ন পেশার মানুষ, কূটনীতিক এবং বিদেশি দৌড়বিদরা।

ভোর ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে দৌড় শুরু হয়। সাড়ে সাত কিলোমিটারের মূল রান এবং দুই কিলোমিটারের ফান রানে অংশ নেন প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ। হাতিরঝিলের সৌন্দর্যমণ্ডিত পরিবেশে ভোরের আলোয় দৌড়বিদদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক এবং বিদেশি দৌড়বিদরাও এতে যোগ দেন। রেস মার্শাল হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। পেসার হিসেবে ছিলেন মেহেনাজ মুন্নী, মাহাদী হাসান ও বাতেন বিপ্লব।
তাঁদের উপস্থিতি দৌড়বিদদের উৎসাহ যোগায় এবং আয়োজনকে আরও গতিশীল করে।

পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।

আয়োজনের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দৌড় শুধু শারীরিক চর্চার মাধ্যম নয়, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ হতেও সহায়তা করে। টেকসই পর্যটন বিকাশে নির্মল পরিবেশের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার সবার জন্য নির্মল বায়ু ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চায়। তিনি আরও বলেন, ‘টেকসই পর্যটন নিশ্চিত করতে নির্মল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে।’

মন্ত্রী জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থানকে অন্তর্ভুক্ত করে একটি পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে পর্যটন খাতে আরও গতি আসবে এবং পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। পর্যটন, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন পেশার মানুষ এ দৌড়ে অংশ নিয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

দৌড় শেষে মন্ত্রী তিনটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজে স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

হাতিরঝিলের এ আয়োজন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং নির্মল বায়ু, সুস্থ জীবন ও টেকসই পর্যটনের গুরুত্ব নিয়ে সমাজে সচেতনতা তৈরির একটি উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত সংবাদ

কাঠ-শোলার পুতুলের নীরব কান্না: আবহমান বাংলার মেলা থেকে হারিয়ে যাচ্ছে পুতুল নাচ

কাঠ-শোলার পুতুলের নীরব কান্না: আবহমান বাংলার মেলা থেকে হারিয়ে যাচ্ছে পুতুল নাচ

ডিজিটাল বিনোদনের ঢেউয়ে নিভে যাচ্ছে গ্রামীণ মেলার প্রাণকেন্দ্র, জীবিকার তাগিদে অন্য পেশায় চলে যাচ্ছেন শিল্পীরা

মুহাম্মদ শফিকুল আশরাফ