দেশের চারটি এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকারও বেশি দাঁড়িয়েছে। এর সিংহভাগই রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে। বাকি অংশ তিনটি বেসরকারি এয়ারলাইনসের কাছে, যেগুলোর কার্যক্রম বর্তমানে পুরোপুরি বন্ধ। আগস্ট পর্যন্ত হিসাব ধরে তৈরি করা বেবিচকের অর্থ ও হিসাব বিভাগের বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। ৭ নভেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে পাওনার বিস্তারিত বিবরণী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।
হিসাব বিবরণী অনুযায়ী, চারটি এয়ারলাইনসের কাছে বেবিচকের মোট পাওনা ৭ হাজার ১২৭ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৩ টাকা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই রয়েছে ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৫৩২ টাকা। এই অঙ্কের মধ্যে মূল বিলের পাশাপাশি মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিল পরিশোধে দেরির কারণে আরোপিত অতিরিক্ত ফি ও সারচার্জ অন্তর্ভুক্ত। বেবিচকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক কাউছার মাহমুদ জানিয়েছেন, পাওনা পরিশোধে বিমানকে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি।
বন্ধ হয়ে যাওয়া তিনটি বেসরকারি এয়ারলাইনসের কাছে বেবিচকের মোট পাওনা ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি পাওনা রিজেন্ট এয়ারওয়েজের কাছে—৪৫৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার ২৩ টাকা। জিএমজি এয়ারলাইনসের কাছে ৪১১ কোটি ৮০ লাখ ৯১ হাজার ৮১০ টাকা এবং ইউনাইটেড এয়ারওয়েজের কাছে ৩৯১ কোটি ৭২ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা পাওনা রয়েছে। বেবিচকের হিসাব বিবরণীতে এ তিনটি প্রতিষ্ঠানের পাওনার বিষয়ে মন্তব্যের ঘরে ‘মামলাধীন (মামলা চলমান)’ উল্লেখ করা হয়েছে। মূল বিলের বাইরেও ভ্যাট, আয়কর ও সারচার্জের অঙ্ক বড় হয়ে উঠেছে, যা আদায় আরও জটিল করে তুলেছে।
এই বকেয়ার পাশাপাশি বন্ধ এয়ারলাইনসগুলোর অকেজো উড়োজাহাজ নিয়েও সংকট তৈরি হয়েছে। দেশের দুটি বিমানবন্দরে মোট ১৩টি অকেজো উড়োজাহাজ পড়ে আছে। এর মধ্যে ১২টি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং একটি কক্সবাজার বিমানবন্দরে। ইউনাইটেড এয়ারওয়েজের ৯টি, রিজেন্টের ২টি এবং জিএমজি ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের একটি করে উড়োজাহাজ রয়েছে। ঢাকার রপ্তানি কার্গো অ্যাপ্রোনে পড়ে থাকা ১২টি উড়োজাহাজ প্রায় ১ লাখ ৯২ হাজার বর্গফুট জায়গা দখল করে রেখেছে।
২০২৪ সালের ২৬ মে বেবিচক এসব উড়োজাহাজ বাজেয়াপ্ত করে। সচল অবস্থায় ক্রেতা না পাওয়ায় শাহজালাল বিমানবন্দরে থাকা ১২টি উড়োজাহাজ ভাঙারি (স্ক্র্যাপ) হিসেবে বিক্রির প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেবিচকের হিসাব অনুযায়ী, এগুলো সরিয়ে ১২টি নতুন পার্কিং বে চালু করা গেলে দিনে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা অতিরিক্ত আয় সম্ভব।
ইউনাইটেড এয়ারওয়েজ ২০১৬ সালের মার্চ থেকে, রিজেন্ট এয়ারওয়েজ কোভিডের সময় ২০২০ সালের মার্চ থেকে এবং জিএমজি এয়ারলাইনসও আর্থিক সংকটে বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে বকেয়া জমার ফলে সারচার্জের অঙ্ক মূল বিলের চেয়ে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। বেবিচক বলছে, বকেয়া আদায় ও অকেজো উড়োজাহাজ সরানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে রাষ্ট্রীয় সংস্থা বিমানের কাছে এত বড় অঙ্কের পাওনা এবং বন্ধ কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ আদায়ের জটিলতা এভিয়েশন খাতের আর্থিক ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।




মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।