বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফেডেক্স কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ফক্স৫-এর তথ্য অনুসারে, রাত প্রায় ৮:৪০ মিনিটে বিমানটি ২৬আর রানওয়ে থেকে সরে পড়ে। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার পর কর্তৃপক্ষ একটি ছাড়া বাকি সব রানওয়ে বন্ধ করে দেয়। এফএএ জানিয়েছে, বিকল বিমানের কারণে রাত ৮:১৬ থেকে ৯:৪৫ পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়। বিমানটি ছিল ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের। এটি মেমফিসের ফ্রেডরিক ডব্লিউ. স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল।
ফেডেক্স এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, মেমফিস থেকে মিয়ামিগামী ফ্লাইট ৯১০ অবতরণের সময় সমস্যার মুখে পড়ে। কোম্পানির মুখপাত্র বলেন, “আমরা কৃতজ্ঞ যে আমাদের ক্রু সদস্যরা নিরাপদ আছেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
এই বিঘ্নের ফলে এক হাজারেরও বেশি ফ্লাইট প্রভাবিত হয়। গড়ে ৪৪ মিনিট এবং সর্বোচ্চ ৭৮ মিনিট পর্যন্ত বিলম্ব হয়। কর্মকর্তারা বিকল বিমান এবং রানওয়ে ও ট্যাক্সিওয়ের অবস্থাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। মিয়ামি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ ফ্লাইট তথ্য জানার আহ্বান জানিয়েছে।




মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।