ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ সকল পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (ই-ভিসা) ব্যবস্থা চালু করেছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকরা মালদ্বীপে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সঙ্গে সঙ্গেই এই ই-ভিসা পেয়ে যাবেন।
মালদ্বীপের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, এই নতুন ব্যবস্থা গতকাল ২৪ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। ভ্রমণকারীরা আইএমইউজিএ (IMUGA) পোর্টালে ট্র্যাভেলার ডিক্লারেশন ফর্মে যে ইমেইল ঠিকানা দেবেন, সেখানেই সরাসরি ভিসার বিস্তারিত তথ্য পাঠানো হবে।
পর্যটকরা চাইলে www.immigration.gov.mv/visa/status ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তাদের ভিসার বৈধতা ও অনুমোদিত অবস্থানের মেয়াদ যাচাই করতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণকারী মালদ্বীপ ত্যাগ করার সঙ্গে সঙ্গেই এই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
অভিবাসন কর্তৃপক্ষ ভ্রমণকারীদের পরামর্শ দিয়েছে, ট্র্যাভেলার ডিক্লারেশন ফর্মে ইমেইল ঠিকানা সঠিকভাবে পূরণ করতে। যাদের ব্যক্তিগত ইমেইল নেই (বিশেষ করে শিশু ও বয়স্ক পর্যটক), তারা পরিবারের কোনো সদস্যের ইমেইল বা ব্যবহারযোগ্য অন্য কোনো ঠিকানা দিতে পারবেন।




মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।