বাংলাদেশে ভিসা আবেদন করতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র দুটি নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে। মঙ্গলবার কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতায় সল্টলেকের সিমসিস টাওয়ারের প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি, সেক্টর-৫-এ নতুন ভিসা কেন্দ্র চালু হবে। অন্যদিকে শিলিগুড়িতে সেবক রোডের সিটি মলের দ্বিতীয় তলায় নতুন কেন্দ্র স্থাপন করা হচ্ছে। ১ ডিসেম্বর থেকে এই দুই কেন্দ্রের ভিসা-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করবে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস।
এর আগে কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র দুটি পরিচালনা করছিল ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড। বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় পুরোনো কেন্দ্র দুটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
এ খবর ছড়িয়ে পড়ার পর ভিসা আবেদন করতে ইচ্ছুক অনেকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। তবে উপদূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, পুরোনো কেন্দ্র বন্ধ হলেও ভিসা সেবা বন্ধ হবে না। ১ ডিসেম্বর থেকে নতুন ঠিকানায় আবেদন ও ভিসা সংগ্রহের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
যারা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের নতুন ঠিকানা ও নির্ধারিত তারিখ সম্পর্কে আগেভাগেই খোঁজখবর নিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।




মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।