হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। বাংলাদেশ সরকারের সঙ্গে ১৫ বছর মেয়াদি ইজারা বা কনসেশন চুক্তির আওতায় এই দায়িত্ব নেবে তারা। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সোমবারের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার কথা চলতি মাসের ৩০ নভেম্বরের মধ্যে।
এই টার্মিনাল ব্যবহারের জন্য যাত্রীদের এমবারকেশন ফি দিতে হবে ১২ দশমিক ৫০ মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হারে প্রায় এক হাজার ৫৫৯ টাকা। বর্তমানে এই মাশুল মাত্র ৫০০ টাকা। বিদেশযাত্রার সময় বিমানবন্দর ব্যবহারের জন্য সরকারিভাবে নেওয়া এই ফি যাত্রীদের জন্য উল্লেখযোগ্য ব্যয় বৃদ্ধির কারণ হবে। তবে বাংলাদেশ সরকার যাত্রী পরিবহন থেকে অর্জিত রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে। কার্গো পরিবহনের ক্ষেত্রে প্রতি টনে আয়ের ২৭ শতাংশ অথবা ১১ দশমিক ৫ ডলার পাওয়ার শর্তও রয়েছে।
সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, প্রস্তাবটি নীতিগত অনুমোদন পেয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টার্মিনাল নির্মাণকারী জাপানি প্রতিষ্ঠানগুলোই পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের প্রস্তাব যাচাই-বাছাই ও দরকষাকষি সম্পন্ন করেছে।
চুক্তির শর্ত অনুযায়ী, ১৫ বছরের মেয়াদে জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশকে এককালীন ৮১ লাখ ডলার অগ্রিম দেবে, যা প্রায় ১০০ কোটি টাকার সমতুল্য। এছাড়া আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সর্বোচ্চ ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রদান করবে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করবে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপ।
তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প ২০১৬ সালে অনুমোদিত হয় এবং কাজ শুরু হয় ২০১৯ সালে। জাপানের চারটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম এই কাজ পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকা এবং নির্মাণ কাজ শেষ হওয়ার মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন।
এই টার্মিনালের মোট এলাকা ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এবং ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। চালু হলে বার্ষিক যাত্রী ধারণক্ষমতা বর্তমান ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। এতে থাকবে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি বহির্গমন ডেস্ক, ৫৯টি আগমন ডেস্ক এবং ৩টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং হজ ক্যাম্পের সঙ্গে সংযুক্ত থাকায় এটি ভবিষ্যতে দেশের বিমান পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা একটি প্রকল্প নেওয়া হয়েছিল সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে। এর বাস্তবায়নকারী সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ২১০ কোটি মার্কিন ডলার ব্যয়ের এই প্রকল্প নীতিগত অনুমোদন পায় ২০২৩ সালের ১৯ জানুয়ারি। এখন নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গেই আলাদা পরিচালনা চুক্তি হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানিয়েছেন, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। ৩০ নভেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পুরোপুরি চালু করতে আরও প্রায় ১৪ মাস সময় লাগবে।
বেবিচক সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মোট ৮৫ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক যাত্রী ৭৩ লাখ ৪০ হাজার এবং অভ্যন্তরীণ যাত্রী ১১ লাখ ৮০ হাজার। নতুন টার্মিনাল চালু হলে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।
জাপানি কনসোর্টিয়ামের পরিচালনায় টার্মিনালের সেবার মান উন্নত




মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।