পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি

বৈরী আবহাওয়া, পরীক্ষা ও রাজনৈতিক উদ্বেগে পর্যটক কমেছে; সৈকত থেকে হোটেল-রেস্তোরাঁ সব খাতেই স্থবিরতা

পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি

কক্সবাজার, ২৪ নভেম্বর ২০২৬: পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজারে প্রত্যাশিত পর্যটকের উপস্থিতি দেখা যাচ্ছে না। সৈকতের চেয়ার ভাড়া, বিচ বাইক, জিপ সার্ভিস থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ ও বার্মিজ মার্কেট—সব জায়গায় ব্যবসায়িক মন্দা বিরাজ করছে। পর্যটকের অপেক্ষায় দিন কাটছে ব্যবসায়ী ও শ্রমজীবীদের। অনেকের আয় দিয়ে দৈনন্দিন খরচও মেটানো যাচ্ছে না। সবচেয়ে খারাপ অবস্থা আবাসন খাতে। শহরের হোটেল-মোটেলগুলোর প্রায় ৭০ শতাংশ কক্ষই এখন অব্যবহৃত থাকছে।

ব্যবসায়ীরা বলছেন, অগ্রহায়ণের শুরুতে শীতের আমেজে পর্যটন মৌসুম জমে ওঠার কথা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। বৈরী আবহাওয়া, ঘূর্ণিঝড়ের প্রভাব, শিক্ষার্থীদের পরীক্ষা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় ভ্রমণপ্রত্যাশীরা কক্সবাজারে কম আসছেন। ফলে পর্যটননির্ভর ১৩টি খাতে নেমে এসেছে স্থবিরতা। সংশ্লিষ্টদের হিসাবে, স্বাভাবিক পর্যটন মৌসুমে এসব খাতে প্রতিদিন প্রায় ৫০ কোটি টাকার লেনদেন হয়।
গত সোমবার (২৩ নভেম্বর) লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ হোটেল-মোটেল এলাকায় ঘুরে দেখা গেছে, পর্যটকের উপস্থিতি কম থাকায় অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানেই বিক্রি কমেছে।

পর্যটন সংবাদে বিজ্ঞাপন দিন — আপনার ব্যবসার খবর পৌঁছে দিন লাখো পাঠকের কাছে।

কোথাও কর্মীরা পর্যটকের অপেক্ষায় বসে আছেন, কোথাও আবার ক্রেতার অভাবে দোকানে অলস সময় কাটাচ্ছেন মালিক ও কর্মচারীরা।
সৈকতে চেয়ার ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন রায়হান। তার ১৮টি চেয়ার থাকলেও গত ১০ দিনে সব মিলিয়ে আয় হয়েছে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা। স্বাভাবিক সময়ে প্রতিটি চেয়ার থেকে প্রায় পাঁচ হাজার টাকা আয় হতো। বিচ বাইকচালক লোকমান জুনায়েদ বলেন, আগে একটি বাইক দিনে ২০ বার পর্যন্ত ভাড়া দেওয়া সম্ভব হলেও এখন পাঁচবার ভাড়া পাওয়াই কঠিন। জ্বালানি খরচ বাদ দিলে বাকি অর্থ দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জিপচালক আলী আহমদ জানান, গত পাঁচ দিনে কোনো ভাড়াই পাননি।

কলাতলী পয়েন্টের টিএম বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরাও চাপে আছেন। সুইট গ্যালারি আচার বিতানের মালিক মোহাম্মদ ইমরান বলেন, বর্তমানে দোকানে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে, যা দিয়ে পরিচালন ব্যয় মেটানো যাচ্ছে না। অন্যান্য দোকানিরও একই অবস্থা।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির তথ্য অনুযায়ী, শহরে প্রায় সাড়ে ৫০০ হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এগুলোর অধিকাংশেই এখন কম বুকিং। শাহজাদী রিসোর্টের হিসাবরক্ষক নুরুল হক মেহেদী জানান, নভেম্বরে তাদের প্রতিষ্ঠানে প্রতিদিন মাত্র ২০ থেকে ৩০ শতাংশ কক্ষ বুকিং হচ্ছে। গ্যালাক্সি রিসোর্ট ও ওশান প্যারাডাইসেও একই চিত্র।
কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, বর্তমানে শহরের হোটেলগুলোতে প্রতিদিন ২০ হাজার মানুষও অবস্থান করছেন না।

হোটেলগুলোকে প্রতিদিন ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। তিনি পর্যটনশিল্পকে রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের প্রভাব থেকে দূরে রাখার আহ্বান জানান।

কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, পর্যটকের সংখ্যা কমে গেলে শুধু বড় হোটেল নয়, সৈকতের ফটোগ্রাফার, ক্ষুদ্র দোকানি ও বিচ বাইকচালকসহ অসংখ্য শ্রমজীবীর আয়ও বন্ধ হয়ে যায়। তাই এই শিল্পকে সচল রাখতে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত সংবাদ

কক্সবাজার ট্যুরিজম কার্নিভাল-২০২৬ উদ্বোধন

কক্সবাজার ট্যুরিজম কার্নিভাল-২০২৬ উদ্বোধন

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তিন মাসব্যাপী পরীক্ষামূলক আয়োজনে স্থানীয় উদ্যোক্তা, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণের সুযোগ; বিশ্বের দীর্ঘ…

নাদিয়া আক্তার
তিন দিন পর সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু,স্বস্তিতে আটকে পড়া পর্যটকেরা

তিন দিন পর সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু,স্বস্তিতে আটকে পড়া পর্যটকেরা

তিন দিন বন্ধ থাকার পর রোববার সকালে কক্সবাজার থেকে পাঁচটি জাহাজে প্রায় দুই হাজার পর্যটক দ্বীপে যাত্রা করেছেন; বিকেলে ফিরবেন আটকে পড়া আট শতাধি…

মুহাম্মদ শফিকুল আশরাফ
হাটহাজারীর পরিত্যক্ত বিমানবন্দর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন এখন পর্যটন সম্ভাবনার নতুন দ্বার

হাটহাজারীর পরিত্যক্ত বিমানবন্দর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন এখন পর্যটন সম্ভাবনার নতুন দ্বার

৩৭ একর জমির ওপর নির্মিত ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়ন হলে স্থানীয় অর্থনীতি ও ইতিহাসচেতনায় নতুন গতি আসতে পারে

নাদিয়া আক্তার
অর্থনৈতিক সংকট ও অস্থিরতায় কঠিন সময় পার করছে বাংলাদেশের পর্যটন খাত

অর্থনৈতিক সংকট ও অস্থিরতায় কঠিন সময় পার করছে বাংলাদেশের পর্যটন খাত

বিদেশি পর্যটক কমেছে, অভ্যন্তরীণ ভ্রমণেও ধাক্কা; সম্ভাবনা থাকলেও অবকাঠামো ও স্থিতিশীলতার অভাবে পিছিয়ে

মুহাম্মদ শফিকুল আশরাফ